Loading ...
  • Tue, 03 Nov 2026, 01:45 am
আবহাওয়া ব্যানার

পরিচয় মিলেছে শানু খালার, এবার বাড়ি ফেরার অপেক্ষা,প্রশাসনের সহযোগিতা কামনা

নয়নাভিরাম গাইন নয়ন কলাপাড়া।। / ২৮
সোমবার, ২ নভেম্বর, ২০২৬

নয়নাভিরাম গাইন (নয়ন)
কলাপাড়া, পটুয়াখালী।।

আপন ঠিকানায় ফিরতে চান পথ হারিয়ে কলাপাড়ায় চলে আসা ৭০ বছর বয়সী কুলসুম বেগম ওরফে শানু খালা। তাঁর বাড়ি যশোরের ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর পৌরসভায়। তাঁর স্বামীর নাম মৃত কুদ্দুস শিকদার। ঝিকরগাছা উপজেলা সমাজসেবা কার্যালয়ে কর্মরত মনোয়ারা বেগম তাঁর পরিচয় নিশ্চিত করেছেন।

জানা গেছে, প্রায় ১২ দিন আগে ঝিকরগাছা থেকে পালিত নাতনির বাড়ি সাতক্ষীরার কলারোয়া উপজেলায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হন শানু খালা। কিন্তু ঘটনাক্রমে তিনি চলে আসেন পটুয়াখালীর কলাপাড়ায়। ধারণা করা হচ্ছে, কলারোয়ার নাম বলায় বাসের স্টাফরা তাঁকে ভুল করে কলাপাড়ায় নিয়ে আসেন। গুগল ম্যাপের তথ্য অনুযায়ী, কলাপাড়া থেকে ঝিকরগাছা উপজেলার দূরত্ব প্রায় ২৭৭ কিলোমিটার।
কলাপাড়ায় এসে ঠিকানা হারিয়ে পথে পথে ঘুরছিলেন শানু খালা। এ অবস্থায় স্থানীয় মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘পাশে দাঁড়াই’-এর সভাপতি নয়নাভিরাম গাইনের নজরে আসেন তিনি। তাঁর কাছে নাম-পরিচয় জানতে চাইলে ঝিকরগাছা ছাড়া আর কিছুই বলতে পারছিলেন না। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পর তাঁর পরিচয় ও ঠিকানা শনাক্ত হয়।
খোঁজ নিয়ে জানা যায়, শানু খালার বাড়ি যশোরের ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে। তাঁর নিজের কোনো ভিটেমাটি নেই। রক্তের সম্পর্কের আপনজনও কেউ নেই। অন্যের বাড়িতে একটি ঝুপড়িঘরে বসবাস করতেন তিনি। মানুষের সাহায্য-সহযোগিতায় চলত তাঁর খাওয়া-পরা। এক কথায়, পৃথিবীতে আপন বলতে তাঁর কেউ নেই। তবে স্থানীয় বাসিন্দারা তাঁকে অত্যন্ত ভালোবাসেন। তাঁরা চান, শানু খালা আবার তাঁদের কাছে ফিরে যান।
এদিকে, শানু খালাকে নিয়ে প্রকাশিত সংবাদটি কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামানের নজরে এলে তিনি ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেন। পরবর্তী সময়ে ঝিকরগাছা উপজেলা সমাজসেবা কার্যালয়ে কর্মরত মনোয়ারা বেগম ‘পাশে দাঁড়াই’ স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি নয়নাভিরাম গাইনের সঙ্গে যোগাযোগ করেন। তিনি শানু খালার পরিচয় নিশ্চিত করার পাশাপাশি তাঁর বর্তমান অবস্থান সম্পর্কেও খোঁজ নেন।
এদিকে, নিজের গন্তব্যে ফিরে যাওয়ার জন্য বারবার আকুতি জানাচ্ছেন শানু খালা। তাঁর বাড়ি ফেরার ব্যবস্থা করতে সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন স্থানীয় মানবিক সংগঠনের সদস্যরা।
পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি নয়নাভিরাম গাইন বলেন, ‘আমরা মানবিক দিক বিবেচনা করে ঠিকানাহীন এই অসহায় মানুষটিকে আশ্রয় দিয়েছি। কিন্তু আমাদের সামর্থ্যের সীমাবদ্ধতা রয়েছে। আমরা আশা করছি, কলাপাড়া ও ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে শানু খালাকে তাঁর নিজ ঠিকানায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে।
এ বিষয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান বলেন, আমি বিষয়টি সম্পর্কে অবগত আছি। এ বিষয়ে ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। আশা করছি, তাঁর বাড়ি ফেরার ব্যবস্থা হবে।

উল্লেখ্য শানুখালা গত তিনদিন যাবৎ কলাপাড়ার মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘পাশে দাঁড়াই’ এর অস্থায়ী আশ্রয়ে সলিমপুরের নীলগঞ্জে একটি বাড়িতে রয়েছেন।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/