ফরিদপুর জেলা প্রতিনিধি:
”রুখবো দুর্নীতি, গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ’’এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুরে বিভিন্ন সেবা বঞ্চিত ও হয়রানির শিকার নাগরিকদের অভিযোগের সরাসরি গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ ফেব্রুয়ারী) সকাল ৯ টায় ফরিদপর জেলা পরিষদে দুর্নীতি দমন কমিশনের আয়োজনে কবি জসীম উদ্দীন হলে ফরিদপুর সদর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের সেবা পেতে হয়রানি বা ঘুষ, দুর্নীতির শিকার সেবা প্রত্যাশী জনসাধারণ এবং সেবা প্রদানকারী সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অংশগ্রহণে এ গণশুনানি সভা অনুষ্ঠিত হয়।
ফরিদপুর জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার মডারেটর হিসেবে অনুষ্ঠান পরিচালনা করেন।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের সচিব মোঃ মাহবুব হোসেন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশেষ অতিথি দুদকের মহাপরিচালক (প্রতিরোধ ও গণসচেতনতা) আক্তার হোসেন,ফরিদপুর পুলিশ সুপার মোঃ শাহজাহান,জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর মোঃ শাহজাহান। স্বাগত বক্তব্য রাখেন ঢাকা বিভাগের পরিচালক মোহাম্মদ মোরশেদ আলম।
এসময় ফরিদপুর দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক রেজাউল করিম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ হাসানুজ্জামান হাসান সহ সরকারি দপ্তরের প্রধান, জনপ্রতিনিধিসহ বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলেন।
গণশুনানিতে বিভিন্ন সরকারি অফিসে সেবা প্রাপ্তিতে হয়রানির শিকার বা সেবা বঞ্চিত সংক্ষুব্ধ জনসাধারণ সরাসরি তাদের অভিযোগ ফরিদপুর সদরের সব সরকারি দপ্তর প্রধানদের উপস্থিতিতে দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সামনে তুলে ধরেন। সেই সঙ্গে সেবা বঞ্চিতদের উত্থাপিত অভিযোগের বিষয়ে দুদক কর্তৃক তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে কিছুটা জটিল এমন অভিযোগ সমাধানের জন্য সময় নেওয়া হয়েছে।
এতে প্রায় ১৪৫ টি বিভিন্ন ধরনের অভিযোগের শুনানি করা হয়।
সরকারি পরিষেবা প্রাপ্তি নিশ্চিতকরণ এবং সরকারি কর্মকর্তাদের মাঝে সততা, নিষ্ঠা,স্বচ্ছ জবাবদিহিতা ও মূল্যবোধ বৃদ্ধির মাধ্যমে দেশ থেকে দুর্নীতি নির্মূল করাই গণশুনানির মূল কারণ বলে জানানো হয়।
tawhidit.top/