বিএম কলেজ প্রতিনিধি:
জলাবদ্ধতার নোংরা পানি আর ময়লা আবর্জনার স্তূপে বেহাল অবস্থা বরিশাল নগরীর ঐতিহ্যবাহী সরকারি ব্রজমোহন (বিএম)কলেজের । কলেজের অভ্যন্তরে এবং বহির্ভাগে যেসকল ড্রেন রয়েছে সেগুলো নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন না করার ফলে জন্ম নিচ্ছে মশা। কলেজের সম্মুখে নর্দমা আর ময়লা আবর্জনার স্তূপ। নর্দমা এবং ময়লার স্তূপ দেখেও নির্বাক কলেজ প্রশাসন কিংবা সিটি কর্পোরেশন।
সরেজমিনে গিয়ে দেখা যায় সামান্য বৃষ্টি হলেই কলেজের সম্মুখে ড্রেনের পানি উপচে পড়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এই জলাবদ্ধতার নোংরা পানির দুর্গন্ধে ভোগান্তিতে শিকার হন শিক্ষার্থীরা । নিয়মিত এ সকল ড্রেন পরিষ্কার না করার ফলেই মূলত এমন জলাবদ্ধতার সৃষ্টি হয়। এসব নোংরা পানিতে জন্ম নেয় মশা। কলেজের অভ্যন্তরেও ড্রেনে পানি জমে রয়েছে। ফলে মশার উপদ্রব ক্রমান্বয়ে বাড়ছে।
বিএম কলেজের এরিয়ায় বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) কর্তৃক মশা নিধনের জন্য মাঝে মাঝে ধোঁয়া দিলেও জলাবদ্ধতা, পরিষ্কারের বিষয়ে নেই কোনও উদ্যোগ। কলেজ সম্মুখের ড্রেন পরিষ্কার করতে কিংবা জলাবদ্ধতায় সৃষ্ট নোংরা পানি অপসারণে কলেজ প্রশাসন বিসিসি’র সহযোগিতা চেয়েছেন, বিসিসি থেকে সহযোগিতা পেতে দেরি হওয়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে কলেজে অধ্যয়নরত হাজারো শিক্ষার্থী এবং জনসাধারণকে।
সরকারি বিএম কলেজ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী আহমেদ সাব্বির বলেন, ( ৪ আগস্ট ) শুক্রবার জুম্মার নামাজের উদ্দেশ্যে সেন্ট্রাল মসজিদের দিকে রওনা হই । কলেজের মুক্তমঞ্চ, কলেজ ক্যান্টিন এর পিছনের রোড এবং অডিটিরিয়াম ভবনের রোড অতিক্রম করে সেন্ট্রাল মসজিদে যেতে হয়। হালকা বৃষ্টিতে এই রোড গুলো জলাবদ্ধতায় তলিয়ে যাওয়ায় অনেক কষ্টে ময়লা আবর্জনা, দূষিত পানি পারি দিয়ে জুম্মার নামাজ আদায় করেছি। কলেজের অভ্যন্তরের ড্রেন গুলোও পরিষ্কার নেই। কলেজ কর্তৃপক্ষের উচিত জলাবদ্ধতায় আটকে থাকা নোংরা পানি খুব দ্রুত অপসারণ করা এবং ময়লা আবর্জনা অপসারণ করা।
বিএম কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগ মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী সাইদুল ইসলাম রাকিব বলেন, সামান্য বৃষ্টি হলেই কলেজের ভিতরে চলাচলের গুরুত্বপূর্ন রাস্তা গুলো ময়লা আবর্জনায় ভরা দূষিত পানিতে তলিয়ে যায়, ফলে চলাচলে চরম ভোগান্তিতে পড়তে হয় আমাদের। কলেজ কর্তৃপক্ষের উচিৎ ক্যাম্পাসের জলাবদ্ধতা দ্রুত নিরসন করা।
জলাবদ্ধতার বিষয়ে সরকারি বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. গোলাম কিবরিয়া বলেন, বিএম কলেজের চারো পাশের ড্রেন গুলো অপরিষ্কার থাকায় বৃষ্টি হলে কলেজে জলাবদ্ধতার সৃষ্টি হয়। ড্রেন গুলো বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি’র ) আওতাভুক্ত থাকায় আমরা জলাবদ্ধতা নিরসনে বিসিসি’র সহযোগিতা চেয়েছি ।
বিসিসি ড্রেন গুলো পরিষ্কার এবং সংস্কার মেরামত করলে আমরা আশাবাদী কলেজ থেকে জলাবদ্ধতা নিরসন হয়ে যাবে।
tawhidit.top/