নয়নাভিরাম গাইন (নয়ন) কলাপাড়া (পটুয়াখালী)।।
পটুয়াখালীর কলাপাড়ায় আবারো অবৈধভাবে পরিচালিত নাম বিহীন মানব দেহের জন্য মারাত্মক ক্ষতিকর রংমিশ্রিত ফ্রুট পুডিং,মিষ্টি দই ও জেলি তৈরির একটি কারখানা শনাক্ত করে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
শনিবার সন্ধ্যায় পৌর শহরের চিংড়িয়ার শেষ মাথায় মর্তুজা কালভার্ট সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
এ ঘটনায় অভিযুক্ত কারখানার মালিক মোকসেদুল আলম নামে এক ব্যাক্তিকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেক।
অভিযানকালে দেখা যায়, কারখানাটিতে ফ্রুট পুডিংসহ প্রায় সাত ধরনের খাদ্যপণ্য অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে কোন ধরনের কেমিস্ট ছাড়া উৎপাদন করা হচ্ছিল। এছাড়া প্রতিষ্ঠানটির কোনো বৈধ কাগজপত্র বিএসটিআই অনুমোদন বা লাইসেন্স দেখাতে পারেনি কতৃপক্ষ।
অভিযান শেষে কারখানার উৎপাদিত খাদ্যপণ্য ও বিভিন্ন মালামাল জব্দ করে তা ধ্বংস করা হয়। অভিযুক্তকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাওসার হামিদ জানান, মানবদেহের জন্য ক্ষতিকারক এমন কোন উৎপাদিত পণ্য সামগ্রী ও কারখানার খবর আপনাদের কাছে জানা থাকলে প্রশাসনকে জানানোর অনুরোধ করছি। আমরা নিয়মিত অভিযান অব্যাহত রাখবো।
tawhidit.top/