Loading ...
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
নিরপেক্ষতায় অবিচল — www.nittokantho.com

সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজে হিসাববিজ্ঞানে অনার্স ভর্তির আহ্বান, কর্মমুখী শিক্ষায় সম্ভাবনাময় ভবিষ্যতের হাতছানি

কলাপাড়া প্রতিনিধি। / ৪৪
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের কর্মমুখী শিক্ষায় উদ্বুদ্ধ করতে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে হিসাববিজ্ঞান বিষয়ে অনার্সে ভর্তির জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছে পটুয়াখালীর কলাপাড়ার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ।

বিশেষ করে এইচএসসি ব্যবসায় শিক্ষা, এইচএসসি (বিএম), কারিগরি শাখা ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের হিসাববিজ্ঞান বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণের প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

কলেজের হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. আবু ইউসুফ জানান, হিসাববিজ্ঞানকে বলা হয় ব্যবসায়ের ভাষা। একটি প্রতিষ্ঠানের আর্থিক কার্যক্রম পরিচালনা, আয়-ব্যয়ের হিসাব সংরক্ষণ, আর্থিক প্রতিবেদন তৈরি, বাজেট প্রণয়ন ও নিরীক্ষাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে এ বিষয়ের ভূমিকা অপরিহার্য। বর্তমান ব্যবসা-বাণিজ্য ও প্রযুক্তিনির্ভর অর্থনীতিতে দক্ষ হিসাববিজ্ঞানীর চাহিদাও ক্রমাগত বাড়ছে।

হিসাববিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের সরকারি চাকরি, বিসিএসসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, বিমা, বহুজাতিক কোম্পানি, করপোরেট প্রতিষ্ঠান এবং বেসরকারি সংস্থায় কর্মজীবন গড়ার সুযোগ তৈরি হয়। পাশাপাশি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (CA), CMA, ACCA ও CPA-এর মতো পেশাগত যোগ্যতা অর্জনের ক্ষেত্রেও উচ্চশিক্ষা গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করে।

তিনি আরও জানান, আধুনিক প্রযুক্তিনির্ভর অর্থনীতিতে হিসাববিজ্ঞানের সঙ্গে ডিজিটাল অ্যাকাউন্টিং, আর্থিক বিশ্লেষণ, কর ব্যবস্থাপনা, সফটওয়্যারভিত্তিক হিসাব সংরক্ষণ ও ডেটা বিশ্লেষণের মতো নতুন নতুন ক্ষেত্র যুক্ত হয়েছে। ফলে বিষয়টি শিক্ষার্থীদের চাকরির পাশাপাশি উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার সম্ভাবনাও তৈরি করছে।
কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, কলাপাড়া ও আশপাশের এলাকার শিক্ষার্থীদের জন্য বাড়ির কাছাকাছি থেকে স্বল্প ব্যয়ে উচ্চশিক্ষা গ্রহণের একটি গুরুত্বপূর্ণ সুযোগ রয়েছে এ প্রতিষ্ঠানে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীরা আবাসন, খাবার ও যাতায়াতের অতিরিক্ত ব্যয় কমিয়ে উচ্চশিক্ষা চালিয়ে যেতে পারবেন।
বর্তমান অধ্যক্ষ প্রফেসর ড. ফাতেমা হেরেনের নেতৃত্বে কলেজের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার পরিবেশ, একাডেমিক শৃঙ্খলা ও সামগ্রিক প্রাতিষ্ঠানিক কার্যক্রম এগিয়ে নেওয়ার উদ্যোগ অব্যাহত রয়েছে। শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ ও শিক্ষার মানোন্নয়নেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
হিসাববিজ্ঞান বিভাগে নিয়মিত পাঠদান, বিষয়ভিত্তিক আলোচনা, ধারাবাহিক মূল্যায়ন এবং শিক্ষার্থীদের ব্যক্তিগত দুর্বলতা চিহ্নিত করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়। অপেক্ষাকৃত দুর্বল শিক্ষার্থীদের অতিরিক্ত একাডেমিক সহযোগিতা, পরীক্ষার প্রস্তুতি ও নিয়মিত তদারকির মাধ্যমে ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করা হচ্ছে।
বিভাগীয় প্রধান মো. আবু ইউসুফ বলেন, শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফলাফল করানো নয়, বরং দক্ষ, যোগ্য ও আত্মবিশ্বাসী হিসেবে গড়ে তোলাই হিসাববিজ্ঞান বিভাগের অন্যতম লক্ষ্য। এ জন্য শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টার পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন ও অংশগ্রহণ প্রয়োজন।
তিনি ব্যবসায় শিক্ষা, বিএম ও কারিগরি শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, উচ্চশিক্ষার বিষয় নির্বাচনের ক্ষেত্রে হিসাববিজ্ঞানকে গুরুত্ব দেওয়া উচিত। এ বিষয়ে অর্জিত জ্ঞান ভবিষ্যৎ কর্মজীবনে বহুমুখী সম্ভাবনা তৈরি করতে পারে।
তিনি আরও বলেন, স্বল্প খরচে বাড়ির কাছাকাছি উচ্চশিক্ষা গ্রহণ, নিয়মিত ক্লাস এবং শিক্ষকদের বিশেষ একাডেমিক সহযোগিতার সুযোগ কাজে লাগিয়ে শিক্ষার্থীরা নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে পারে।
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে হিসাববিজ্ঞান বিষয়ে অনার্সে ভর্তির ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি, বিষয়ভিত্তিক যোগ্যতা ও নির্ধারিত শর্ত অনুসরণ করতে হবে। বিশেষ করে বিএম, কারিগরি ও সমমানের শিক্ষার্থীদের আবেদনের আগে সংশ্লিষ্ট বিষয়ে ভর্তির যোগ্যতা যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।

উচ্চশিক্ষার সুযোগ কাজে লাগিয়ে দক্ষ ও আত্মনির্ভরশীল নাগরিক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে শিক্ষার্থীদের সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজের হিসাববিজ্ঞান বিভাগে অনার্সে ভর্তির জন্য আহ্বান জানিয়েছেন বিভাগীয় প্রধান মো. আবু ইউসুফ।


এ ক্যাটাগরির আরো নিউজ