Loading ...
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
নিরপেক্ষতায় অবিচল — www.nittokantho.com

সাহসিকতা ও পেশাগত কৃতিত্বের স্বীকৃতি, শান্তিকালীন পদক পেলেন নৌবাহিনীর ৪০ সদস্য

নিত্যকন্ঠ প্রতিবেদক।। / ৪
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

 

নিত্যকন্ঠ প্রতিবেদক।।

বীরত্ব, সাহসিকতা, পেশাগত দক্ষতা ও দায়িত্ব পালনে বিশেষ কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ নৌবাহিনীর ৪০ জন সদস্যকে শান্তিকালীন পদক প্রদান করা হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) নৌবাহিনী সদর দপ্তরের সাগরিকা হলে আয়োজিত এক অনুষ্ঠানে পদকপ্রাপ্ত সদস্যদের হাতে পদক তুলে দেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।

অনুষ্ঠানে নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পদকপ্রাপ্ত সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
এ বছর পদকপ্রাপ্তদের মধ্যে ৩ জন পেয়েছেন নৌবাহিনী পদক (এনবিপি), ৫ জন অসামান্য সেবা পদক (ওএসপি), ৫ জন বিশিষ্ট সেবা পদক (বিএসপি), ৭ জন নৌ গৌরব পদক (এনজিপি), ১০ জন নৌ উৎকর্ষ পদক (এনইউপি) এবং ১০ জন নৌ পারদর্শিতা পদক (এনপিপি)।
অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান পদকপ্রাপ্ত সদস্যদের পেশাগত নিষ্ঠা, কর্মদক্ষতা, সাহসিকতা ও দায়িত্বশীলতার প্রশংসা করেন। তিনি দেশের সমুদ্রসীমার সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করা, জাতীয় স্বার্থ সংরক্ষণ এবং যেকোনো সংকটময় পরিস্থিতি মোকাবিলায় নৌবাহিনীর প্রতিটি সদস্যকে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন, এ ধরনের স্বীকৃতি নৌ সদস্যদের কর্মস্পৃহা ও মনোবল বৃদ্ধির পাশাপাশি ভবিষ্যতে আরও আন্তরিকতা, দক্ষতা ও উদ্দীপনার সঙ্গে দায়িত্ব পালনে অনুপ্রেরণা জোগাবে।
উল্লেখ্য, বাংলাদেশ নৌবাহিনীর সদস্যদের অসামান্য অবদান, পেশাগত উৎকর্ষতা ও দেশসেবায় বিশেষ কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ প্রতিবছর শান্তিকালীন পদক প্রদান করা হয়। এসব পদক নৌ সদস্যদের দায়িত্বনিষ্ঠা, কর্মদক্ষতা ও দেশপ্রেমের গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত।


এ ক্যাটাগরির আরো নিউজ