Loading ...
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
নিরপেক্ষতায় অবিচল — www.nittokantho.com

চার দশক মানুষের কথা লিখেছেন, আজ নিজের জীবন বাঁচাতে ৫০ লাখ টাকার সহায়তা চান সাংবাদিক মুকুল

নিউজ রুম / ৫৮
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

 

সঞ্জু বনিক সৌরভ জেলা সংবাদদাতা, পঞ্চগড়

চার দশক ধরে সংবাদপত্র ও টেলিভিশনের পর্দায় তুলে ধরেছেন মানুষের দুঃখ-দুর্দশা, সংকট, সম্ভাবনা ও অধিকারবঞ্চনার কথা। পেশাগত দায়িত্ব পালনে ছুটে গেছেন মানুষের প্রয়োজনে। অথচ আজ জীবনের সবচেয়ে কঠিন সময়ে নিজেই মানুষের সহযোগিতার অপেক্ষায় রয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক এ রহমান মুকুল। তাঁর দুটি কিডনিই প্রায় অকার্যকর হয়ে পড়েছে। জীবন বাঁচাতে প্রয়োজন জরুরি কিডনি প্রতিস্থাপন। এ চিকিৎসায় ব্যয় হতে পারে প্রায় ৫০ লাখ টাকা। বিপুল এই অর্থ জোগাড় করা তাঁর পরিবারের পক্ষে কঠিন হয়ে পড়েছে।
এ রহমান মুকুল চ্যানেল আইয়ের প্রতিষ্ঠালগ্ন থেকেই পঞ্চগড় জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার হিসেবেও কর্মরত। দীর্ঘ চার দশকের সাংবাদিকতা জীবনে পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। জেলার মানুষের সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন ও নানা অসংগতির চিত্র সাহসিকতা ও নিষ্ঠার সঙ্গে তুলে ধরেছেন সংবাদমাধ্যমে।
পরিবার ও স্বজনদের সূত্রে জানা গেছে, ৬০ বছর বয়সী এ রহমান মুকুল দীর্ঘদিন ধরে ডায়াবেটিসজনিত নানা জটিলতায় ভুগছেন। এর প্রভাবে তাঁর কিডনির কার্যক্ষমতা মারাত্মকভাবে কমে গেছে। বর্তমানে দুটি কিডনিই প্রায় অকার্যকর। রংপুর ও ঢাকার বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, তাঁকে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে কিডনি প্রতিস্থাপন প্রয়োজন।
কিন্তু চিকিৎসার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে অর্থসংকট। কিডনি প্রতিস্থাপনসহ প্রয়োজনীয় চিকিৎসার জন্য আনুমানিক ৫০ লাখ টাকা প্রয়োজন। দীর্ঘদিনের চিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে পরিবারটি ইতোমধ্যে আর্থিক সংকটে পড়েছে। এত বড় অঙ্কের অর্থ এককভাবে সংগ্রহ করা তাঁদের পক্ষে প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।
এ অবস্থায় জ্যেষ্ঠ সাংবাদিক এ রহমান মুকুলের চিকিৎসায় সমাজের বিত্তবান, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব, বিভিন্ন প্রতিষ্ঠান এবং দেশ-বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের প্রতি মানবিক সহায়তার আবেদন জানিয়েছেন তাঁর পরিবারের সদস্যরা। প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেও সহযোগিতা কামনা করেছেন তাঁরা।
পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, এ রহমান মুকুলের রক্তের গ্রুপ এবি পজিটিভ (AB+)। তাঁর চিকিৎসার জন্য যার যার সামর্থ্য অনুযায়ী আর্থিক সহযোগিতা কামনা করা হয়েছে।
একজন সাংবাদিক হিসেবে দীর্ঘ চার দশক যিনি মানুষের অসহায়ত্বের কথা তুলে ধরেছেন, আজ সেই মানুষটিই নিজের জীবন রক্ষার জন্য মানুষের দ্বারে সহযোগিতার আবেদন জানাচ্ছেন। তাঁর কলমে উঠে এসেছে অসংখ্য মানুষের বেঁচে থাকার সংগ্রাম, আর আজ তাঁর নিজের জীবনযুদ্ধের কঠিন সময়ে প্রয়োজন সবার সহমর্মিতা।
অর্থের অভাবে যেন একজন অভিজ্ঞ সাংবাদিকের চিকিৎসা থেমে না যায়। সম্মিলিত সহযোগিতা হয়তো তাঁর চিকিৎসার পথকে সহজ করতে পারে, ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবনে ফেরার প্রত্যাশা।
মানবিক আবেদন: আসুন, যার যার সামর্থ্য অনুযায়ী জ্যেষ্ঠ সাংবাদিক এ রহমান মুকুলের পাশে দাঁড়াই। আমাদের সামান্য সহযোগিতাও তাঁর চিকিৎসার জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। মানুষের জন্য চার দশক ধরে কাজ করা এই মানুষটির জীবনের কঠিন সময়ে মানবিকতার হাত বাড়িয়ে দিই।


এ ক্যাটাগরির আরো নিউজ