নয়নাভিরাম গাইন (নয়ন) কলাপাড়া (পটুয়াখালী)।।
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং উপকূলীয় অঞ্চলে দুর্যোগ সহনশীলতা বাড়াতে পটুয়াখালীর কলাপাড়ায় অনুষ্ঠিত হয়েছে দুর্যোগ ঝুঁকি হ্রাস মেলা ও জনসচেতনতামূলক মাঠ মহড়া।
শুক্রবার (২৭ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রশাসন মাঠে পায়রা ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, জাগোনারীর প্রধান নির্বাহী হোসনে আরা হাসিসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
মেলার অন্যতম আকর্ষণ ছিল ফায়ার সার্ভিস ও সিপিপির সদস্যদের অংশগ্রহণে দুর্যোগ মোকাবিলার মাঠ মহড়া। এতে ঘূর্ণিঝড় ও প্রাকৃতিক দুর্যোগের সময় উদ্ধার তৎপরতা, ঝুঁকিপূর্ণ এলাকা থেকে মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া এবং জানমাল রক্ষার বিভিন্ন কৌশল প্রদর্শন করা হয়।
ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও নদীভাঙনের ঝুঁকিতে থাকা উপকূলীয় কলাপাড়ায় দুর্যোগের আগাম প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য আবহাওয়ার সতর্কবার্তা অনুসরণ, প্রয়োজনীয় খাবার ও ওষুধ প্রস্তুত রাখা এবং ঝুঁকির সময় নিরাপদ আশ্রয়কেন্দ্রে যাওয়ার বিষয়ে জনসাধারণকে সচেতন করাই এ মেলার মুল উদ্দ্যেশ্য
মেলায় সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে ১৫টি স্টল সাজানো হয়। এসব স্টলে দুর্যোগ মোকাবিলার সরঞ্জাম, উদ্ধার কার্যক্রম ও জরুরি সেবা সম্পর্কে দর্শনার্থীদের ধারণা দেওয়া হয়।
বেসরকারি সংস্থা জাগোনারী ও কেয়ার বাংলাদেশ যৌথভাবে এ মেলার আয়োজন করে।
প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ করা সম্ভব না হলেও সচেতনতা, আগাম প্রস্তুতি ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব। উপকূলীয় মানুষের নিরাপত্তায় এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তারা বলছেন
দুর্যোগ মোকাবিলায় আতঙ্ক নয়, প্রয়োজন সচেতনতা ও প্রস্তুতি।
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন, নাওভাঙ্গা সালেহীয়া কামিল মাদ্রাসার প্রভাষক আবুতালেব ইভান মাতব্বর, বিশ্বাস রাসেদ মোশাররফ কল্লোল ও কেয়ামনি।