Loading ...
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
নিরপেক্ষতায় অবিচল — www.nittokantho.com

টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলার ঘটনায় মামলা, আসামি ৫ হাজার ৮ জন

সাইফুল ইসলাম,গোপালগঞ্জ সংবাদদাতা।। / ৭৯
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

 

সাইফুল ইসলাম,গোপালগঞ্জ সংবাদদাতা।।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) টহলদলের ওপর হামলা, সরকারি যানবাহনে অগ্নিসংযোগ, গোলাবারুদ নষ্ট ও সরঞ্জাম লুটের অভিযোগে মামলা হয়েছে। মামলায় ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫ হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। সব মিলিয়ে মামলায় আসামির সংখ্যা ৫ হাজার ৮ জন।

মামলায় গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লাকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়াল, টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বাবুল হোসেন খোকন, উপজেলা ছাত্রলীগের সভাপতি শামছুল হক, সহসভাপতি রিপন শেখ ও যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন বিশ্বাসসহ মোট আটজনের নাম উল্লেখ করা হয়েছে।
গত ২৩ নভেম্বর বিজিবির খুলনা সেক্টর সদর দপ্তরের নায়েব সুবেদার মো. শওকত আলী বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় মামলাটি করেন।

বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৭ নভেম্বর গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বেসামরিক প্রশাসনকে সহযোগিতার অংশ হিসেবে পুলিশ, আনসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিহাব ইমামের সঙ্গে বিজিবির একটি দল টহল দিচ্ছিল। এ সময় টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পেয়ে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয় দলটি।

পথিমধ্যে উপজেলার নিলফা বাজার এলাকায় পৌঁছালে একদল ব্যক্তি সড়কে গাছ ফেলে তাদের চলাচলে বাধা সৃষ্টি করে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। তাদের সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ জানানো হলে একপর্যায়ে বিজিবি সদস্যদের ওপর হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়।

এ সময় বিজিবির একটি এপিসি ও একটি জিপ গাড়িতে আগুন দেওয়া হয়। হামলায় বিজিবির নায়েক মো. মনির হোসেন, আসাদুজ্জামান, ফারুক হোসেন এবং সহকারী পরিচালক মো. সাইফিয়ার রহমান আহত হন বলে এজাহারে উল্লেখ রয়েছে।

এজাহার অনুযায়ী, হামলায় বিজিবির একটি পাজেরো জিপ ও একটি এপিসি কোবরা পুড়ে যায়। এ ছাড়া একটি জিপে থাকা ৯০ রাউন্ড গুলিসহ তিনটি এসএমজির ম্যাগাজিন নষ্ট হয়। অন্য একটি এপিসির টায়ার, ফগ লাইট ও পিকআপের উইন্ডশিল্ড ক্ষতিগ্রস্ত হয়। বিজিবির একটি সরকারি ল্যাপটপ, ওয়াকিটকি সেট, ব্যাটারি ও চার্জার লুটের অভিযোগও করা হয়েছে।

এ ঘটনায় মোট ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৬ কোটি ৫১ লাখ টাকা বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার সাখাওয়াত হোসেন সেন্টু জানান, বিজিবির গাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় বিজিবির পক্ষ থেকে মামলা করা হয়েছে। এ মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
পুলিশ জানিয়েছে, মামলার অভিযোগগুলো তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যাটাগরির আরো নিউজ