সঞ্জু বনিক সৌরভ,জেলা সংবাদদাতা, পঞ্চগড়
সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, পুশ-ইন ও চোরাচালান প্রতিরোধে পঞ্চগড়ের সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। প্রায় ১৩৬ কিলোমিটার সীমান্ত সুরক্ষায় নিয়মিত টহলের পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হয়েছে। নজরদারিতে যুক্ত করা হয়েছে ড্রোন, সিসিটিভি ক্যামেরা ও অল-টেরেইন ভেহিকল (এটিভি)।
বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থেকে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের তত্ত্বাবধানে সীমান্তের দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বিশেষ অভিযান শুরু হয়েছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে দিন-রাত দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা। পাশাপাশি বিভিন্ন স্থানে রাত্রিকালীন চেকপোস্ট বসিয়ে চালানো হচ্ছে বিশেষ তল্লাশি।
সীমান্ত অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাও এ অভিযানের অন্যতম লক্ষ্য। এ জন্য অপরাধপ্রবণ ও দুর্গম এলাকাগুলোতে স্থল টহল বাড়ানো হয়েছে। একই সঙ্গে সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
নিরাপত্তা কার্যক্রমের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সচেতন ও সম্পৃক্ত করার উদ্যোগ নিয়েছে বিজিবি। সীমান্তবর্তী এলাকায় মাইকিং ও সচেতনতামূলক সভার মাধ্যমে সাধারণ মানুষকে অবৈধভাবে সীমান্ত পারাপার, চোরাচালানসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হচ্ছে।
পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, ‘সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং সীমান্তবর্তী মানুষের জানমালের সুরক্ষায় বিজিবি সব সময় সতর্ক ও তৎপর রয়েছে। অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে আমাদের নজরদারি, টহল ও জনসচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
প্রযুক্তিনির্ভর নজরদারি, নিয়মিত টহল এবং স্থানীয় জনগণের অংশগ্রহণের মাধ্যমে পঞ্চগড় সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও কার্যকর হবে বলে আশা করছে বিজিবি।