Loading ...
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
নিরপেক্ষতায় অবিচল — www.nittokantho.com

নিখোঁজের ছয় দিন পর সেপটিক ট্যাংকে মিলল শিশুর মরদেহ

সাধন সাহা জয়, ব্রাহ্মণবাড়িয়ার সংবাদদাতা।। / ৯৩
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

 

সাধন সাহা জয়,ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা।।

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ছয় দিন নিখোঁজ থাকার পর সাইদুল ইসলাম (১০) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে উপজেলার রূপসদী ইউনিয়নের হোগলাকান্দি গ্রামের একটি বাড়ির সেপটিক ট্যাংক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। উদ্ধারের সময় শিশুটির দুই হাত পেছনে বাঁধা এবং মুখে স্কচটেপ লাগানো ছিল বলে জানা গেছে।

নিহত সাইদুল ইসলাম ওই গ্রামের মৃত ফরিদ মিয়ার ছেলে। তার মায়ের নাম জহুরা বেগম।

পরিবারের সদস্যরা জানান, গত ২১ নভেম্বর বিকেল আনুমানিক ৫টার দিকে সিঙ্গারা কেনার জন্য বাড়ি থেকে বের হয় সাইদুল। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে বাঞ্ছারামপুর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও শিশুটির সন্ধান চেয়ে প্রচার চালানো হয়।

ছয় দিন পর শুক্রবার স্থানীয়রা একটি বাড়ির সেপটিক ট্যাংক থেকে দুর্গন্ধ বের হতে দেখে বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্যাংক থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা মরদেহটি সাইদুলের বলে শনাক্ত করেন।

এদিকে, শিশুটি নিখোঁজ হওয়ার পর অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি তার বড় ভাইয়ের কাছে মুক্তিপণ দাবি করেছিলেন বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছিল বলেও দাবি করেছেন পরিবারের সদস্যরা। তবে এ অভিযোগের সঙ্গে শিশুটির মৃত্যুর কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসিন জানান, পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ ও এর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।

শিশুটির এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।


এ ক্যাটাগরির আরো নিউজ