Loading ...
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
নিরপেক্ষতায় অবিচল — www.nittokantho.com

নুসরাতের স্মৃতিতে স্কুল জোন সাইন, নিরাপদ সড়কের বার্তা নিয়ে ইয়েলো ল্যাম্পের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী

মিথুন শেখ, পাবনা, সাথিয়া সংবাদদাতা। / ৪
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

মোঃ মিঠুন শেখ, সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি।।

সড়ক দুর্ঘটনায় অকালে প্রাণ হারানো শিক্ষার্থী নুসরাত জাহানের স্মৃতিকে সম্মান জানিয়ে এবং শিক্ষার্থীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে পাবনার আতাইকুলায় দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে ‘স্কুল জোন ট্রাফিক সাইন’ স্থাপন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ইয়েলো ল্যাম্প। সংগঠনটির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেওয়া এ উদ্যোগে ছড়িয়ে দেওয়া হয়েছে নিরাপদ সড়কের সচেতনতামূলক বার্তা।
সোমবার (২৩ নভেম্বর ২০২৬) আতাইকুলা কলেজিয়েট কিন্ডারগার্টেন স্কুল অ্যান্ড কলেজ এবং আমেনা খাতুন ডিগ্রি কলেজের সামনে এসব ট্রাফিক সাইন স্থাপন করা হয়। এর মধ্যে একটি সাইন স্থাপন করা হয়েছে সড়ক দুর্ঘটনায় নিহত ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নুসরাত জাহানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, নুসরাত জাহান আতাইকুলা কলেজিয়েট কিন্ডারগার্টেন স্কুল অ্যান্ড হাই স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল। তার রোল নম্বর ছিল ৩। বাবা মো. আবুল কালাম। মাধপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পরিবারের বাসার কাছেই ২০২৫ সালের ২৭ জুলাই এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায় শিশুটি। তার অকাল মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়।
নুসরাতের স্মৃতি ধরে রাখা এবং ভবিষ্যতে আর কোনো শিক্ষার্থী যেন এমন দুর্ঘটনার শিকার না হয়, সেই প্রত্যাশায় দুর্ঘটনাস্থলসংলগ্ন এলাকায় স্কুল জোন ট্রাফিক সাইন স্থাপনের উদ্যোগ নেয় ইয়েলো ল্যাম্প। এ উদ্যোগকে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সড়ক ব্যবহারকারীদের সচেতন করার একটি মানবিক প্রয়াস হিসেবে দেখছেন স্থানীয় সচেতন ব্যক্তিরা।
ট্রাফিক সাইন স্থাপনের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানসংলগ্ন সড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণ, চালকদের সতর্কতার সঙ্গে গাড়ি চালানো এবং শিক্ষার্থীদের নিরাপদে রাস্তা পারাপারের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাধপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহীদুল ইসলাম, আমেনা খাতুন ডিগ্রি কলেজের শিক্ষক হেলাল উদ্দিন, আতাইকুলা প্রেসক্লাবের সভাপতি ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) পাবনা জেলা প্রতিনিধি নজরুল ইসলাম বাঁধন, দৈনিক যায়যায় সময়ের নির্বাহী সম্পাদক খন্দকার কৌশিক হোসেন এবং ইয়েলো ল্যাম্প পাবনার সভাপতি মো. শহিদুল্লাহ খান উজ্জ্বল।
এ সময় আরও উপস্থিত ছিলেন ইয়েলো ল্যাম্প আতাইকুলা থানার আহ্বায়ক মিঠুন শেখ এবং সংগঠনের স্বেচ্ছাসেবক মামুন শেখ, শাহরিয়ার, তানভীর, শরিফ মন্ডল, মারুফ হোসেন, সিয়াম ও এস এম শিহাবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আয়োজকরা জানান, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে শুধু ট্রাফিক সাইন স্থাপন করলেই হবে না, পাশাপাশি চালক, পথচারী, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানসংলগ্ন সড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণ এবং ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
ইয়েলো ল্যাম্পের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকীর এ উদ্যোগ নিরাপদ সড়ক গড়ার প্রত্যয়কে সামনে আনার পাশাপাশি দুর্ঘটনায় অকালে হারিয়ে যাওয়া শিশু শিক্ষার্থী নুসরাত জাহানের স্মৃতিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করার এক মানবিক দৃষ্টান্ত হয়ে থাকবে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, সড়ক নিরাপত্তা নিশ্চিত করা, শিক্ষার্থীদের জীবন রক্ষা এবং জনসচেতনতা বৃদ্ধিতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


এ ক্যাটাগরির আরো নিউজ