Loading ...
  • Thu, 12 Nov 2026, 08:43 pm
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় দোকান খোলা-বন্ধের সিদ্ধান্তে ব্যবসায়ীদের স্বাধীনতা দিল ব্যবসায়ী সমিতি

নীলরতন কুন্ডু নিলয় কলাপাড়া।। / ৭২
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

 

নীলরতন কুন্ডু নিলয়, কলাপাড়া (পটুয়াখালী)।।

পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরে শুক্রবার দোকান খোলা কিংবা বন্ধ রাখার বিষয়ে ব্যবসায়ীদের স্বাধীনতা দিয়েছে কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। এখন থেকে ব্যবসায়ীরা নিজেদের সুবিধা ও ব্যবসায়িক প্রয়োজন অনুযায়ী শুক্রবার দোকান খোলা বা বন্ধ রাখতে পারবেন। এ বিষয়ে সমিতির কার্যনির্বাহী পরিষদ কোনো হস্তক্ষেপ করবে না।
গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) শুক্রবার দোকান বন্ধ রাখার নির্দেশনা দিয়ে পৌর শহরে মাইকিং করে সমিতি। ওই নির্দেশনার পর সারাদিন ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখেন ব্যবসায়ীরা। তবে দোকান খোলা ও বন্ধ রাখা নিয়ে ব্যবসায়ীদের মধ্যে মতভিন্নতা দেখা দেওয়ায় নতুন এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় সমিতির কার্যালয়ে সেক্টর কমিটি ও জ্যেষ্ঠ ব্যবসায়ীদের নিয়ে অনুষ্ঠিত বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ মো. রাসেল এক বিশেষ বার্তায় জানান, শুক্রবার দোকান বন্ধ রাখার সিদ্ধান্তটি আগে সাধারণ সভায় ব্যবসায়ীদের সম্মতিক্রমে গৃহীত হয়েছিল। তবে বর্তমানে এ বিষয়ে ব্যবসায়ীদের মধ্যে মতভিন্নতা তৈরি হওয়ায় সাধারণ ব্যবসায়ীদের মতামত ও সিদ্ধান্তকেই চূড়ান্ত হিসেবে বিবেচনা করা হবে। ফলে কেউ দোকান খোলা রাখতে চাইলে রাখতে পারবেন, আবার কেউ বন্ধ রাখতে চাইলে বন্ধ রাখতে পারবেন।
তিনি আরও জানান, দোকানের কর্মচারীদের সাপ্তাহিক ছুটির বিষয়টি মালিক ও কর্মচারীদের পারস্পরিক আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে নির্ধারিত হবে। এ ক্ষেত্রেও সমিতির পক্ষ থেকে কোনো বিধিনিষেধ থাকবে না।
বার্তায় ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বর্তমানে সার্বিক ব্যবসায়িক পরিস্থিতিতে কিছুটা মন্দাভাব বিরাজ করছে। এ পরিস্থিতি কাটিয়ে কলাপাড়া বাজারের ঐতিহ্য ও প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ক্রেতাদের আস্থা ধরে রাখতে এবং স্থানীয় ক্রেতারা যেন কেনাকাটার জন্য অন্য এলাকা বা উপজেলায় চলে না যান, সে জন্য পণ্যের দাম সহনীয় পর্যায়ে রেখে যৌক্তিক মুনাফায় ব্যবসা পরিচালনার জন্য তিনি ব্যবসায়ীদের অনুরোধ জানান।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/