নিত্যকণ্ঠ অনলাইন।।
সারা দেশে অবৈধ ইটভাটা বন্ধে দেশের সব বিভাগীয় কমিশনার ও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে আদালতের এ নির্দেশনা বাস্তবায়ন করে আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ। ইটভাটা মালিকদের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ আলী এবং পরিবেশ অধিদপ্তরের পক্ষে ছিলেন আইনজীবী মুনতাসির উদ্দিন আহমেদ।
আইনজীবী মনজিল মোরসেদ জানান, এইচআরপিবির করা একটি জনস্বার্থের মামলায় ২০২২ সালের ১৩ নভেম্বর হাইকোর্ট রুল জারির পাশাপাশি অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন। পরবর্তী সময়ে ইটভাটা মালিক সমিতির পক্ষ থেকে আদালতে আবেদন করে ওই আদেশ সংশোধনের প্রার্থনা জানানো হয়।
তবে আদালত দেশের সব অবৈধ ইটভাটা বন্ধ করে এ বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। এরপর অবৈধ ইটভাটার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু হয়।
পরবর্তী সময়ে ইটভাটা মালিকদের পক্ষ থেকে আদেশ সংশোধন করে জিগজ্যাগ প্রযুক্তির ইটভাটাগুলোকে আদেশের আওতামুক্ত রাখার আবেদন করা হয়। শুনানি শেষে হাইকোর্ট আবেদন সংশোধন করলেও অবৈধ ইটভাটা উচ্ছেদের নির্দেশ বহাল রাখেন।
এ আদেশের বিরুদ্ধে বিভিন্ন ইটভাটার মালিক একাধিক আপিল করে স্থগিতাদেশ চাইলেও তা পাননি। পরবর্তী সময়ে আপিল বিভাগে এসব আপিল খারিজ হয়ে যায়।
মনজিল মোরসেদ আরও জানান, সম্প্রতি বিভিন্ন অবৈধ ইটভাটার মালিক পুনরায় কার্যক্রম শুরু করার চেষ্টা করছেন—এমন খবর পেয়ে এইচআরপিবির পক্ষ থেকে আদালতে নতুন করে আবেদন করা হয়। আবেদনে অবৈধ ইটভাটা অপসারণসংক্রান্ত আগের নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন দাখিলের আবেদন জানানো হয়।
আবেদন শুনানি শেষে হাইকোর্ট তা মঞ্জুর করেন। একই সঙ্গে আগের নির্দেশনা অনুযায়ী দেশের সব অবৈধ ইটভাটা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পরিবেশ অধিদপ্তর ও সব বিভাগীয় কমিশনারকে নির্দেশ দেন। এ বিষয়ে আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
তবে একই সঙ্গে বৈধ ইটভাটার মালিকদের যেন কোনো ধরনের হয়রানি করা না হয়, সে বিষয়েও নির্দেশনা দিয়েছেন আদালত।
সূত্র চ্যানেল আই।
tawhidit.top/