Loading ...
  • Mon, 09 Nov 2026, 11:15 pm
আবহাওয়া ব্যানার

পাশে দাঁড়াই এর সহায়তায় ১৭ দিন পর নিজ ঠিকানায় ফিরলেন পথ হারানো শানু বেগম

নয়নাভিরাম গাইন নয়ন কলাপাড়া।। / ৬৮
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

নয়নাভিরাম গাইন (নয়ন), কলাপাড়া।।

পথ হারিয়ে ২৭৭ কিলোমিটার দূরে যশোরের ঝিকরগাছা থেকে পটুয়াখালীর কলাপাড়ায় চলে আসা কুলসুম ওরফে শানু বেগম (৭০) অবশেষে ফিরে গেলেন আপন ঠিকানায়। স্বেচ্ছাসেবী সংগঠন ‘পাশে দাঁড়াই’ ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় দীর্ঘ ১৭ দিন পর স্বজনের কাছে ফিরলেন তিনি।

রোববার (৮ নভেম্বর) রাত সাড়ে ৯টায় কলাপাড়া কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে সেভেন ডিলাক্স পরিবহনের একটি বাসে তাঁকে যশোরের ঝিকরগাছায় পাঠানো হয়। এর আগে তাঁকে নিতে ঝিকরগাছা থেকে কলাপাড়ায় আসেন তাঁর প্রতিবেশী রোজিনা বেগম (৪৫)। তাঁরা দুজনই যশোরের ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

‘পাশে দাঁড়াই’ স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি নয়নাভিরাম গাইন জানান, পরিচিত একজনের মাধ্যমে শানু বেগম তাঁর কাছে আসেন। প্রথমদিকে তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরে পরিচয় নিশ্চিত হওয়ার পর তাঁকে নিজ ঠিকানায় ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। এ কাজে কলাপাড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান সর্বাত্মক সহযোগিতা করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শানু বেগমের বাড়ি ফেরার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি ‘পাশে দাঁড়াই’স্বেচ্ছাসেবী সংগঠন তাঁর পরিচয় শনাক্ত,থাকা-খাওয়ার ব্যবস্থা এবং বাড়ি ফেরানোর পুরো প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

উল্লেখ্য : ঠিকানাহীন কুলসুম ওরফে শানু বেগমকে গত ৩০ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত  ৯ দিন ব্যাপী পাশে দাঁড়াই সেচ্ছাসেবী সংগঠন অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করেছিল। এর আগে ১৭ দিন পূর্বে তিনি বাড়ি থেকে সাতক্ষীরার কলারোয়ায় যাওয়ার কথা বলে হারিয়ে যান।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/