সাইফুল ইসলাম,গোপালগঞ্জ প্রতিনিধি।।
গোপালগঞ্জে ৪৮ ঘণ্টার লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে জনমনে চাপা আতঙ্ক বিরাজ করছে। তবে শনিবার (২৮ নভেম্বর) জেলার সার্বিক জীবনযাত্রা ছিল অনেকটাই স্বাভাবিক। সড়ক-মহাসড়কে যানবাহন চলাচল, হাটবাজার ও ব্যবসাপ্রতিষ্ঠানে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। একই সঙ্গে নিরাপত্তা জোরদারে মাঠে ছিল বিজিবি, আনসার ব্যাটালিয়ন ও এসআরবি সদস্যরা।
শনিবার গোপালগঞ্জের বিপণিবিতান ও ব্যবসাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি থাকলেও লকডাউন ঘিরে অনেক প্রতিষ্ঠান খোলা রাখা হয়। তবে অর্ধেকের মতো বিপণিবিতান বন্ধ ছিল। স্বর্ণপট্টি ও কাপড়পট্টির ব্যবসাপ্রতিষ্ঠানগুলো বন্ধ দেখা যায়। সন্ধ্যার পরও শহরের বিভিন্ন দোকানে বেচাকেনা চলতে দেখা গেছে।
গোপালগঞ্জ থেকে দূরপাল্লার বাস বিকেল ৪টা পর্যন্ত চলাচল করেছে। এরপর নিরাপত্তাজনিত আশঙ্কায় দূরপাল্লার পরিবহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। তবে জেলার অভ্যন্তরীণ রুটে সীমিত আকারে লোকাল বাস চলাচল করেছে। রাতেও শহরের বিভিন্ন সড়কে যানবাহন চলাচল করতে দেখা যায়।
লকডাউন কর্মসূচি ঘিরে জেলার গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় বিজিবি ও আনসার ব্যাটালিয়ন সদস্যদের মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন এলাকায় টহল দিয়েছে নিরাপত্তা বাহিনী। কর্মসূচির সমর্থনে জেলা শহরসহ বিভিন্ন উপজেলা ও ইউনিয়নে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। এসব মিছিলে বিজিবির টহলও দেখা যায়। তবে মিছিলকে কেন্দ্র করে গোপালগঞ্জের অভ্যন্তরে কোনো সহিংস ঘটনার খবর পাওয়া যায়নি।
জেলার ৬৭ কিলোমিটার দীর্ঘ ঢাকা-খুলনা, ঢাকা-বেনাপোল ও ঢাকা-বরিশাল মহাসড়কের কোথাও অবরোধের খবর পাওয়া যায়নি।
লকডাউন সফল করতে গোপালগঞ্জ সদর, কাশিয়ানী, টুঙ্গিপাড়া, কোটালীপাড়া ও মুকসুদপুরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। নেতাকর্মীরা বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে দোকানপাট বন্ধ রাখার অনুরোধ জানান।
গোপালগঞ্জ শহরের বড় বাজারের ব্যবসায়ী মিকাইল সরদার, কেএম হামিদুর রহমান ও মুহিবুর রহমান জানান, দোকানপাট বন্ধ রাখার জন্য তাঁদের অনুরোধ করা হয়েছে। তাঁরা লকডাউনের সময় ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখবেন। তাঁদের ভাষ্য, শনিবার সাপ্তাহিক ছুটির দিন হলেও লকডাউন ঘিরে দোকান খোলা রেখে দিনভর বেচাকেনা করেছেন। ক্রেতাদের উপস্থিতিও ছিল ভালো।
অন্যদিকে দিনমজুর মিরাজ শেখ, শ্যামল বিশ্বাস ও রিকশাচালক মহররম মিয়া জানান, শহরে বিজিবি, এসআরবি ও আনসার ব্যাটালিয়নের সদস্যদের উপস্থিতি এবং দুই দিনের লকডাউন কর্মসূচি ঘিরে তাঁদের মধ্যে উদ্বেগ কাজ করছে। কী পরিস্থিতি তৈরি হয়, তা নিয়ে তাঁরা শঙ্কিত।
কর্মসূচিতে নেতৃত্ব দেওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একাধিক নেতা দাবি করেন, দলের প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে এ কর্মসূচি পালন করা হচ্ছে। তাঁরা শান্তিপূর্ণ কর্মসূচির কথা জানিয়ে নেতাকর্মীদের সংঘাত, সহিংসতা ও নাশকতা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে বলে দাবি করেন। তবে কর্মসূচিতে গোপালগঞ্জে বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটবে বলেও তাঁরা জানান।
কোটালীপাড়া স্টার এক্সপ্রেস পরিবহনের কর্মকর্তা মিলন শেখ বলেন, বিকেল ৪টার পর ঢাকাগামী বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ঢাকা থেকেও ওই সময়ের পর কোনো বাস ছেড়ে আসেনি। কর্মসূচি চলাকালে যানবাহনে হামলার আশঙ্কায় আগেভাগেই পরিবহন চলাচল বন্ধ রাখা হয়েছে।
গোপালগঞ্জ বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মওদুদ হোসেন রিন্টু বলেন, গোপালগঞ্জের ওপর দিয়ে খুলনা, বাগেরহাট, পিরোজপুরসহ বিভিন্ন জেলার বাস চলাচল করে। কালনা-মধুমতী সেতু হয়ে নড়াইল, যশোর, সাতক্ষীরা ও বেনাপোল এবং ঢাকা-বরিশাল মহাসড়ক দিয়ে বরিশাল, মাদারীপুর, শরীয়তপুর, বরগুনা, ঝালকাঠি, পটুয়াখালী ও কুয়াকাটাগামী যানবাহন চলাচল করে। নিরাপত্তাজনিত কারণে খুলনা, বাগেরহাট ও পিরোজপুর রুটের বাস বিকেল থেকে বন্ধ রাখা হয়েছে। অন্য রুটে সীমিত আকারে যানবাহন চলাচল করছে। মহাসড়কে কোথাও ব্যারিকেড দেওয়ার খবর তাঁরা পাননি।
মশাল মিছিল ঘিরে মুখর শহর
লকডাউন কর্মসূচির সমর্থনে সন্ধ্যার পর গোপালগঞ্জ শহরে একাধিক মশাল মিছিল বের করা হয়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে পৃথকভাবে প্রায় ১০টি মিছিল বের করা হয়। এতে নারী কর্মীরাও অংশ নেন। সন্ধ্যা সোয়া ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত মিছিলগুলো শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এ ছাড়া গোপালগঞ্জ সদর উপজেলার ২১টি ইউনিয়ন, টুঙ্গিপাড়া উপজেলার পাঁচটি ইউনিয়ন, মুকসুদপুর উপজেলার ১৬টি ইউনিয়ন, কোটালীপাড়া উপজেলার ১২টি ইউনিয়ন এবং কাশিয়ানী উপজেলার ১৪টি ইউনিয়ন ও উপজেলা সদরে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মাইকে প্রচার করা হয় বঙ্গবন্ধুর ভাষণ
শনিবার রাত ৯টার দিকে গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়কে মাইকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ প্রচার করা হয়। একটি গাড়িতে মাইক স্থাপন করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়। গভীর রাত পর্যন্ত ভাষণ প্রচারের কার্যক্রম চলে।
গোপালগঞ্জ-বাগেরহাট সীমান্তে উত্তেজনা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
এদিকে সন্ধ্যা ৭টার দিকে গোপালগঞ্জ ও বাগেরহাট জেলা সীমান্তের মোল্লাহাট ব্রিজের দুই পাশে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের অবস্থান এবং পাল্টাপাল্টি স্লোগানকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বলে জানা গেছে।
মোল্লাহাটের গণমাধ্যমকর্মী মোহাম্মদ আলী মোহন এ তথ্য জানান। গোপালগঞ্জ থেকে আবারও আওয়ামী লীগের মিছিল আসতে পারে—এমন আশঙ্কায় মোল্লাহাট এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছিল।
বাগেরহাটের মোল্লাহাট উপজেলা ছাত্রলীগের সভাপতি রেজওয়ান চৌধুরী দাবি করেন, মোল্লাহাট উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা ইউনিয়নের ভাটিয়াড়া মাঠে সমবেত হন। পরে সেখান থেকে মিছিল নিয়ে মোল্লাহাট ব্রিজের গোপালগঞ্জ অংশে অবস্থান করে স্লোগান দেন। অপর পাশে মোল্লাহাট উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নেন।
তাঁর দাবি, পরে তাঁরা ব্রিজের গোপালগঞ্জ অংশ থেকে ফিরে আসেন। সেখানে কোনো ধাওয়া-পাল্টাধাওয়া কিংবা ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর ঘটনাবিবরণও সঠিক নয় বলে তিনি দাবি করেন।
এ বিষয়ে বক্তব্য জানতে মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলামকে ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি। ফলে পুলিশের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
সব মিলিয়ে ৪৮ ঘণ্টার লকডাউন ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, পরিবহন চলাচলে সীমাবদ্ধতা ও রাজনৈতিক কর্মসূচি নিয়ে উদ্বেগ থাকলেও শনিবার রাত পর্যন্ত জেলার অধিকাংশ এলাকায় জীবনযাত্রা ছিল স্বাভাবিক।