নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালীর মহিপুরে মোটরসাইকেলের ভাড়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার জেরে মহিপুর প্রেসক্লাবের সদস্য মাইনুদ্দিন আল আতিককে মোটরসাইকেলে পরিবহন না করার সিদ্ধান্ত নেওয়ার অভিযোগ উঠেছে মহিপুর কাঁচা রাস্তা মোটরসাইকেল চালকদের সভাপতি মো. কামালের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, কোনো চালক তাঁকে মোটরসাইকেলে বহন করলে ১ হাজার টাকা জরিমানার নিয়মও করেছেন তিনি।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে সাংবাদিক মাইনুদ্দিন আল আতিকের বড় ভগ্নিপতি টুটু মাতুব্বর মারা গেলে ডালবুগঞ্জ ইউনিয়নের থানখোলা স্লুইসগেট থেকে মহিপুর সদর ইউনিয়নের লতিফপুরে তাঁর ভগ্নিপতির বাড়িতে যাওয়ার পথে এ ঘটনার মুখোমুখি হন তিনি। মোটরসাইকেলে যেতে চাইলে চালকেরা তাঁকে বহন করতে অপারগতা প্রকাশ করেন। এ সময় চালকেরা সভাপতির সিদ্ধান্তের কথা জানান। পরে তিনি একটি অটোভ্যানে গন্তব্যে পৌঁছান।
সাংবাদিক মাইনুদ্দিন আল আতিকের অভিযোগ, মহিপুরের বিভিন্ন সড়কে মোটরসাইকেলের অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ তুলে তিনি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দুটি পোস্ট দেন। প্রথম পোস্টে ভাড়া আদায়ের ক্ষেত্রে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন। পরবর্তী পোস্টে চালকদের ন্যায্য আয় নিশ্চিত করার পাশাপাশি যাত্রীদের জন্য সুনির্দিষ্ট ভাড়ার তালিকা প্রকাশ এবং যোগাযোগব্যবস্থার উন্নয়নের দাবি জানান।
তিনি বলেন, ‘আমি চালকদের ন্যায্য আয় ও যাত্রীদের ন্যায্য ভাড়া নিশ্চিত করার জন্য লিখেছি। ভাড়ার তালিকা প্রকাশের প্রস্তাব দিয়েছি। এ কারণে আমাকে পরিবহন না করার সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকলে তা অত্যন্ত দুঃখজনক।’
ভুক্তভোগীর দাবি, মোটরসাইকেল চালকেরা তাঁকে পরিবহন না করার পেছনে সভাপতি মো. কামালের সিদ্ধান্তের কথা জানিয়েছেন। কোনো চালক তাঁকে বহন করলে ১ হাজার টাকা জরিমানা করা হবে বলেও তাঁরা উল্লেখ করেন।
এ বিষয়ে জানতে মো. কামালের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি অভিযোগের বিষয়ে স্পষ্ট বক্তব্য না দিয়ে প্রশ্ন এড়িয়ে যান এবং বিষয়টি নিয়ে ডালবুগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোফাচ্ছেল হক হিরোর সঙ্গে কথা বলতে বলেন।
ডালবুগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোফাচ্ছেল হক হিরো বলেন, ‘এক সাংবাদিক মোটরসাইকেলের ভাড়া নিয়ে পোস্ট দিয়েছেন—এ বিষয়ে কামাল আমাকে জানিয়েছে। তবে ওই সাংবাদিককে পরিবহন না করার সিদ্ধান্ত বা জরিমানার বিষয়টি আমি অবগত নই।’
এ পরিস্থিতিতে মোটরসাইকেলের ভাড়া নির্ধারণ, চালকদের আয় ও যাত্রীদের স্বার্থ রক্ষায় লিখিত ভাড়ার তালিকা প্রকাশের দাবি জানান মাইনুদ্দিন আল আতিক। এ ছাড়া ভাড়া নিয়ে মতবিরোধের কারণে কোনো যাত্রীকে পরিবহন না করার সিদ্ধান্ত নেওয়ার ঘটনা খতিয়ে দেখার পাশাপাশি প্রকৃত ঘটনা তদন্ত করে যাত্রীদের স্বাভাবিক যাতায়াত নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
tawhidit.top/