সঞ্জু বনিক সৌরভ,জেলা সংবাদদাতা পঞ্চগড়।।
পঞ্চগড়ে মাদক মামলায় আদালতের দেওয়া তিন দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশের পর কারাগারে পাঠানো হলেও এক ঘণ্টারও কম সময়ের মধ্যে মুক্ত হয়ে বেরিয়ে আসার ঘটনা ঘটেছে। সাজাপ্রাপ্ত ওই ব্যক্তি একজন সরকারি কর্মচারী হওয়ায় ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। আদালতের দণ্ডাদেশের পর এত দ্রুত কীভাবে তাঁর মুক্তি মিলল, তা নিয়ে উঠেছে নানা প্রশ্ন।
মুক্তি পাওয়া ওই কর্মচারীর নাম রিয়াজুল ইসলাম। তিনি পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়ন ভূমি অফিসে অফিস সহায়ক হিসেবে কর্মরত। আদালতের আদেশে সাজাপ্রাপ্ত হওয়ার দিনেই কারাগার থেকে মুক্তি পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন রিয়াজুল। এ বিষয়ে তিনি বলেন, ‘আমাকে মুক্তি দিয়েছে, আমি চলে এসেছি।’ তবে মুক্তির বিষয়ে দায় আদালতের ওপর চাপিয়েছেন তিনি।
অন্যদিকে, জেলা কারাগার কর্তৃপক্ষের দাবি, কারাবিধি অনুসরণ করেই তাঁকে মুক্তি দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তি ও তাঁর পরিবারের পক্ষ থেকে বিষয়টি আড়ালে থাকলেও প্রায় ২২ দিন পর ঘটনাটি জানাজানি হয়। আদালতের দেওয়া সাজা কার্যকরের পর এত অল্প সময়ে মুক্তির ঘটনায় জনমনে বিস্ময়ের সৃষ্টি হয়েছে।
থানাপুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৪ নভেম্বর বুধবার রাতে পঞ্চগড় বিসিক শিল্পনগরী এলাকায় মাদক সেবনের সময় রিয়াজুল ইসলাম ও তাঁর সহযোগী নুর আলমকে আটক করেন স্থানীয় মাদকবিরোধী কমিটির সদস্যরা। পরে পুলিশকে খবর দেওয়া হলে পঞ্চগড় সদর থানা পুলিশ তাঁদের আটক করে থানায় নিয়ে যায়।
পরদিন সংক্ষিপ্ত বিচারিক প্রক্রিয়ায় তাঁদের পঞ্চগড় চিফ জুডিশিয়াল আদালতে হাজির করা হয়। আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন মুন্না ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারায় অপরাধের দায়ে রিয়াজুল ইসলাম ও নুর আলমকে প্রত্যেককে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও এক দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
আদালতের আদেশের পর তাঁদের পঞ্চগড় জেলা কারাগারে পাঠানো হয়। তবে কারাগারে প্রবেশের কিছুক্ষণের মধ্যেই তাঁদের মুক্তির বিষয়টি সামনে আসায় সাজা কার্যকরের প্রক্রিয়া নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।
এ বিষয়ে পঞ্চগড় জেলা কারাগারের জেল সুপার রফিকুল ইসলাম বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি। তবে মুঠোফোনে তিনি জানান, কারাবিধি অনুযায়ী কোনো আসামির মুক্তির নির্ধারিত দিন ছুটির দিন হলে ছুটির আগের দিন তাঁকে মুক্তি দেওয়া যেতে পারে।
অন্যদিকে, পঞ্চগড়ের জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভিন জানান, ভূমি অফিসের ওই কর্মচারীর মাদকসংক্রান্ত ঘটনার বিষয়ে তিনি অবগত নন। তবে তিনি সাজাপ্রাপ্ত হয়ে থাকলে তাঁর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।