Loading ...
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
নিরপেক্ষতায় অবিচল — www.nittokantho.com

দেবীগঞ্জে আগুনে পুড়ল ঘর ও অটোভ্যান, এক রাতেই নিঃস্ব ইউসুফের পরিবার

নিউজ রুম / ৩৬
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

 

সঞ্জু বনিক সৌরভ,জেলা সংবাদদাতা, পঞ্চগড়।।

পঞ্চগড়ের দেবীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর, আসবাবপত্র ও পরিবারের একমাত্র উপার্জনের অবলম্বন অটোভ্যান হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন ইউসুফ। এক রাতের আগুনে মাথা গোঁজার ঠাঁই ও জীবিকা হারিয়ে অসুস্থ মা এবং পরিবারের সদস্যদের নিয়ে চরম দুর্ভোগে দিন কাটছে তাঁর।

শনিবার (২৮ নভেম্বর) ভোররাতে দেবীগঞ্জ সদর ইউনিয়নের পূর্ব দেবীডুবা ডাঙ্গাপাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ইউসুফের বসতঘরের আসবাবপত্রসহ ঘরে থাকা সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়িতে অটোভ্যানটি চার্জে দেওয়া অবস্থায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো বসতঘরে। আগুনের তীব্রতায় ঘরের কোনো মালামালই রক্ষা করা সম্ভব হয়নি। এ ঘটনায় আনুমানিক ৪ থেকে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
অটোভ্যান চালিয়ে উপার্জিত অর্থ দিয়েই অসুস্থ মায়ের ওষুধ কেনা এবং পাঁচ সদস্যের পরিবারের ভরণপোষণ চালাতেন ইউসুফ। কিন্তু অগ্নিকাণ্ডে বসতঘরের সবকিছুর পাশাপাশি আয়ের একমাত্র অবলম্বনটিও হারিয়েছেন তিনি। ফলে মায়ের চিকিৎসা ও পরিবারের দৈনন্দিন খরচ কীভাবে চালাবেন, তা নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন ইউসুফ।
এমন পরিস্থিতিতে অসহায় পরিবারটির পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের প্রতি মানবিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তাঁদের প্রত্যাশা, সবার সম্মিলিত সহযোগিতায় আবারও ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবে ইউসুফের পরিবার।


এ ক্যাটাগরির আরো নিউজ