সঞ্জু বনিক সৌরভ, জেলা সংবাদদাতা পঞ্চগড়।।
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সোনাহার বেড়া প্রধান পাড়ার প্রাচীন হরি মন্দিরটি দীর্ঘদিনের অবহেলা ও অব্যবস্থাপনায় অস্তিত্ব সংকটে পড়েছে। মন্দির প্রাঙ্গণ ব্যক্তিগত ও গৃহস্থালি কাজে ব্যবহারের অভিযোগে নষ্ট হচ্ছে এর ধর্মীয় পরিবেশ ও ঐতিহ্য।
স্থানীয়দের অভিযোগ, একসময় সনাতন ধর্মাবলম্বীদের পূজা-অর্চনা ও ধর্মীয় অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ কেন্দ্র থাকলেও বর্তমানে মন্দিরটির রক্ষণাবেক্ষণে কার্যকর উদ্যোগ নেই। মন্দির প্রাঙ্গণে লুডু-তাস খেলা, ধান-গম-ভুট্টা মাড়াই, ধান সিদ্ধ, খড় শুকানো, গবাদিপশু বেঁধে রাখা এবং বিভিন্ন গৃহস্থালি সামগ্রী সংরক্ষণের মতো কাজ করা হচ্ছে।
স্থানীয়দের দাবি, এসব কর্মকাণ্ডে মন্দিরের পবিত্রতা ও স্বাভাবিক ধর্মীয় পরিবেশ ব্যাহত হচ্ছে। এ বিষয়ে আপত্তি জানাতে গেলে বিরূপ পরিস্থিতির মুখে পড়তে হয় বলেও অভিযোগ তাঁদের।
মন্দিরের তত্ত্বাবধানের দায়িত্বে থাকা প্রবীণ ব্যক্তি রবিকান্ত রায় বলেন, কাউকে কিছু বলতে গেলে উল্টো দোষারোপের শিকার হতে হয়। অন্যদিকে মন্দিরের পূজারি গোপাল চন্দ্র রায় এ বিষয়ে কোনো পক্ষের অবস্থান নিতে চাননি।
স্থানীয় সূত্রে জানা গেছে, মূল মন্দিরটি একজন শিক্ষকের অর্থায়নে নির্মিত হয়। পাশাপাশি নাটমন্দির নির্মাণে সরকারি অনুদান হিসেবে ১ লাখ ১৭ হাজার টাকা দেওয়া হয়েছিল। তবে অনুদানে নির্মিত নাটমন্দিরসহ পুরো প্রাঙ্গণের বর্তমান অবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।
স্থানীয়দের মতে, মন্দিরটি শুধু উপাসনালয় নয়, বরং এলাকার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির অংশ। তাই এর সীমানা ও সম্পত্তি যাচাই, সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত, নিয়মিত পূজা-অর্চনার পরিবেশ ফিরিয়ে আনা এবং মন্দির প্রাঙ্গণের যথাযথ ব্যবহার নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা।
তাঁদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত উদ্যোগ নিয়ে সোনাহারের প্রাচীন হরি মন্দিরের ঐতিহ্য ও ধর্মীয় পরিবেশ রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।