চট্টগ্রাম প্রতিনিধি।।
মানসম্মত শিক্ষা নিশ্চিত ও দক্ষ শিক্ষক গড়ে তোলার লক্ষ্যে চট্টগ্রাম মডেল স্কুলে এফএলএন (FLN) ও প্রাথমিক শিক্ষণ বিষয়ে বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
প্রতিষ্ঠানের সকল শিক্ষকের অংশগ্রহণে প্রায় আড়াই ঘণ্টাব্যাপী এ কর্মশালায় শিশুমনস্তত্ত্ব, আনন্দময় ও শিশুকেন্দ্রিক পাঠদান, বাংলা-ইংরেজি ও প্রাথমিক গণিতের ভিত্তি, শ্রেণিকক্ষ ব্যবস্থাপনা, ধারাবাহিক মূল্যায়ন এবং শিক্ষকতার নৈতিকতা নিয়ে আলোচনা করা হয়।
প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ও শিক্ষাবিদ এম. নজরুল ইসলাম খান কর্মশালায় প্রশিক্ষণ রূপরেখা উপস্থাপন করেন। এ সময় প্রধান শিক্ষক ইয়াসমিন ইসলাম, সিনিয়র সহকারী শিক্ষক মোহাম্মদ ইলিয়াসসহ প্রতিষ্ঠানের সকল সহকারী শিক্ষক উপস্থিত ছিলেন।
প্রধান শিক্ষক ইয়াসমিন ইসলাম বলেন, শিক্ষার্থীদের প্রকৃত শিখন নিশ্চিত করাই তাঁদের লক্ষ্য। নিয়মিত প্রশিক্ষণ শিক্ষকদের দক্ষতা ও আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
মূল আলোচক এম. নজরুল ইসলাম খান বলেন, ‘জ্ঞান থেকে দক্ষতা, দক্ষতা থেকে প্রয়োগ, প্রয়োগ থেকে মানসম্মত শিক্ষা’—এই দর্শন ধারণ করেই বিদ্যালয় কাজ করছে। শিক্ষার স্বার্থে প্রতিটি শিক্ষককে পেশাগত দক্ষতায় আরও সমৃদ্ধ হতে হবে।
সবার সম্মিলিত প্রচেষ্টায় চট্টগ্রাম মডেল স্কুলকে একটি আদর্শ ও মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করে কর্মশালার সমাপ্তি ঘটে।