Loading ...
  • Mon, 29 Jun 2026, 12:26 am
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় সংবাদ প্রকাশের জেরে এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

কলাপাড়া প্রতিনিধি। / ৪৬
রবিবার, ২৮ জুন, ২০২৬

 

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

পটুয়াখালীর কলাপাড়ায় সংবাদ প্রকাশের জেরে এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রদলের কিছু নেতা কর্মীদের বিরুদ্ধে। শনিবার (২৭ জুন) রাত সাড়ে ৮ টার দিকে পৌর শহরের মাছ বাজার সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।

আহত সাংবাদিক মোয়াজ্জেম হোসেন (৪০) স্থানীয় একটি বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং জাতীয় দৈনিক আজকের পত্রিকা–এর কলাপাড়া প্রতিনিধি। হামলার পর স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাতেই বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন মোয়াজ্জেম হোসেন জানান, রাত আটটার দিকে তিনি একটি মোবাইল ফোনে মেরামতের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম ফাহিম এবং সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক বেল্লালের নেতৃত্বে ৭–৮ জন তাঁর ওপর দুই দফা হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন।

মোয়াজ্জেম হোসেনের দাবি, গত ২১ জুন শহরের স্লুইজ এলাকায় তাঁর বোনের বাড়িতে হামলার একটি ঘটনা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। ওই সংবাদ প্রকাশের জেরেই তাঁর ওপর এই হামলা চালানো হয়েছে।

দোকানি লোকমান জানান, তার প্রতিষ্ঠান থেকে টেনে বাইরে বের করে বেধড়ক মারধর করা হয়েছে। তিনি একা অনেক ছেলেদের সামনে মার ঠেকাতে গিয়ে আপ্রাণ চেষ্টা করেও পারেন নি।

তবে অভিযোগের বিষয়ে জানতে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম ফাহিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোনে কথা বলতে রাজি হননি।

কিন্তু এ বিষয়ে অভিযুক্ত বেলালের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, এলএলবি পরীক্ষায় অংশ নিতে সারাদিন বরিশালে ছিলেন। সন্ধ্যার পর এলাকায় ফিরে এসে ঘটনাটি সম্পর্কে জানতে পারেন। তাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হচ্ছে বলে দাবি করেন তার। এছাড়া, কে বা কারা হামলা করেছে সে বিষয়ে তিনি কিছু জানেন না বলেও জানান। তিনিও অন্যদের কাছ থেকে ঘটনাটির কথা শুনেছেন বলে উল্লেখ করেন।

এ প্রসঙ্গে পটুয়াখালী জেলা ছাত্রদলের সদস্যসচিব জাকারিয়া আহমেদ বলেন, বিষয়টি দুঃখজনক। তাঁরা ঘটনাটির খোঁজখবর নিচ্ছেন এবং সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন শিকদার বলেন, আহত সাংবাদিককে তিনি হাসপাতালে দেখতে গিয়েছিলেন। তাঁর ভাষ্যমতে, সাংবাদিকের ওপর হামলার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দলীয় ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন বলেন, তিনি বিষয়টি জেনেছেন এবং খোঁজখবর নেওয়া হচ্ছে। ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/