কলাপাড়া প্রতিনিধি।।
পটুয়াখালীর কলাপাড়ায় কিশোর গ্যাংয়ের হামলায় নীরব হাওলাদার নামে এক এসএসসি পরীক্ষার্থী গুরুতর আহত হয়েছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিদ্যালয়ের পিছনে নিয়ে ৫-৬ জন কিশোর গ্যাংয়ের সদস্য তাকে মারধর করে। পরে আহত অবস্থায় তাকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার (১৮ মে) বিকেলে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের পিছনে এ ঘটনা ঘটে।
আহত নীরব হাওলাদার ওই বিদ্যালয়ের শিক্ষার্থী এবং উপজেলার টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া গ্রামের পলাশ হাওলাদারের ছেলে।
জানা গেছে, বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র মুন্না ও তার সহযোগীরা নীরবকে মারধর করে। এ সময় হামলার দৃশ্য ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে ছড়িয়ে দেওয়া হয়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন স্থানীয়রা।
এ বিষয়ে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। পরিবারের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হলে বিদ্যালয় কর্তৃপক্ষ সর্বাত্মক সহযোগিতা করবে।”
কলাপাড়া থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, “এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
tawhidit.top/