কলাপাড়া প্রতিনিধিঃ কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নে শতভাগ জেলে চাল বিতরণে অনিয়মের অভিযোগে দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সরকার ঘোষিত সমুদ্রে মাছ ধরা বন্ধের ৫৮ দিনের অবরোধকালীন সময়ে জেলেদের মাঝে চাল বিতরণে অনিয়মের অভিযোগ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। এ ঘটনায় ১৫ মে উপজেলা প্রশাসনের অভিযানে নীলগঞ্জ ইউনিয়ন থেকে ২৬ বস্তা জেলে চাল ও ২৩টি খালি বস্তা উদ্ধার করা হয়।
এ প্রেক্ষিতে জেলে চাল বিতরণ কার্যক্রমের অনিয়ম তদন্তে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা ও উপজেলা সমবায় কর্মকর্তা আব্বাস আলীকে নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
গঠিত কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন ও মতামত দাখিলের নির্দেশ দিয়েছেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ।
tawhidit.top/