Loading ...
  • Tue, 07 Apr 2026, 01:48 am
আবহাওয়া ব্যানার

মহিপুরে গুরুত্বপূর্ণ খাল বন্দোবস্ত ও বাঁধ দিয়ে পানি চলাচল বন্ধ, কৃষকদের মানববন্ধন

মাহতাব মহিপুর প্রতিনিধি।। / ২৯১
রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

 

মাহতাব হাওলাদার, মহিপুর প্রতিনিধিঃ

পটুয়াখালীর মহিপুর সদর ইউনিয়নের বিপিনপুর গ্রামে পানি প্রবাহের একটি গুরুত্বপূর্ণ খাল বন্দোবস্ত প্রদান এবং সেখানে বাঁধ দিয়ে পানি চলাচল বন্ধ করার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় কৃষকরা।

রোববার (৫ এপ্রিল) বেলা ১১টায় গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে শতাধিক ভুক্তভোগী কৃষক ও স্থানীয় বাসিন্দা অংশ নেন।

স্থানীয়দের দেওয়া তথ্যমতে, স্থানীয় মো. সাদেক, বাদশা মিয়া, আব্দুল বারেক, কাছেম আলীসহ বেশ কয়েকজনের নামে খালের জমিটি বন্দোবস্ত দেওয়া হয়েছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় কৃষক আব্দুস সালাম মুসুল্লি, আফজাল মুসুল্লি, শাহ আলম হাওলাদার, ইমন শিকদার, মাওলানা ফোরকান আহমদ, মো. হাবিব হাওলাদার, গৃহবধূ লিজাও হামিদা প্রমুখ।

এ সময় বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে এই খালটি এলাকার কয়েক শ’ একর জমিতে সেচ প্রদান এবং অতিরিক্ত পানি নিষ্কাশনের একমাত্র মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। সম্প্রতি খালটি ব্যক্তিনামে বন্দোবস্ত দিয়ে সেখানে বাঁধ নির্মাণ করা হয়েছে।’

বক্তারা বলেন, ‘এই বাঁধের ফলে বর্ষা মৌসুমে এলাকায় স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে এবং রবিশস্যের মৌসুমে সেচ সংকটে উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বর্তমানে খাল ভরাট করে ৫ থেকে ৭টি বাড়িও নির্মাণ করা হয়েছে, যা পানি প্রবাহের পথকে স্থায়ীভাবে রুদ্ধ করে দিয়েছে।’

বক্তারা আরও বলেন, ‘একটি সচল খাল বন্দোবস্ত দেওয়া আইনত ও নৈতিকভাবে ভুল। এই বাঁধের কারণে শত শত কৃষকের স্বপ্ন ভেস্তে যাচ্ছে। আমরা অবিলম্বে এই অবৈধ বন্দোবস্ত বাতিল এবং খালের ওপর নির্মিত সকল অবৈধ স্থাপনা ও বাঁধ অপসারণের দাবি জানাচ্ছি।’

মানববন্ধন শেষে কৃষকরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন। অতি দ্রুত খালটি পুনঃখনন করে স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত না করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/