নয়নাভিরাম গাইন (নয়ন) কলাপাড়া, পটুয়াখালী।।
দীর্ঘদিনের বিতর্ক ও নানা জটিলতার অবসান ঘটিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় মানিকমালা খেলাঘর আসরের নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত ৪১ সদস্যবিশিষ্ট কমিটিতে মিসেস নমিতা দত্তকে সভাপতি, হেমায়েত উদ্দিন লিটনকে সাধারণ সম্পাদক এবং আতিকুর রহমান মিরাজকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় কলাপাড়া মহিলা কলেজ মিলনায়তনে আয়োজিত এক সভায় এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
সভায় খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য হান্নান চৌধুরী এবং সম্পাদকমণ্ডলীর সদস্য প্রবীর সাহা উপস্থিত ছিলেন। তাঁদের উপস্থিতিতে নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে সংগঠনটির দীর্ঘদিনের বিরাজমান জটিলতার অবসান ঘটে।
নতুন কমিটি গঠনের ফলে কলাপাড়ায় শিশু-কিশোরদের সাংস্কৃতিক, সৃজনশীল ও মননশীল বিকাশে সংগঠনটির কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের ঐতিহ্য ও আদর্শ সমুন্নত রেখে আগামী দিনে সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।
tawhidit.top/