নীলরতন কুন্ডু (নিলয়) কলাপাড়া।।
রং তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হয়েছে প্রয়াত স্বজনের মঠ ও মুখচ্ছবি। কেউ পরিষ্কার করেছেন সমাধি। কোথাও দেয়া হয়েছে নতুন রঙের প্রলেপ, আবার কোথাও ফুল দিয়ে সাজানো হয়েছে সমাধি। প্রয়াত স্বজনদের স্মৃতিবিজড়িত সমাধিগুলো নতুন করে সাজিয়ে ৭ নভেম্বর শনিবার কলাপাড়া পৌর শহরের কেন্দ্রীয় মহাশ্মশানে পালিত হচ্ছে শ্মশান দীপাবলি উৎসব।
শ্মশান দ্বীপাবলী উৎসবে কলাপাড়া কেন্দ্রীয় মহাশ্মশানে উপচেপড়া ভীড় লক্ষ্য করা গেছে।
শনিবার সন্ধ্যায় কলাপাড়া কেন্দ্রীয় মহাশ্মশানে হারানো স্বজনদের আত্মার শান্তির জন্য শ্মশানের মঠে মঠে ধুপকাঠি ও মোমবাতি প্রজ্জ্বলনসহ ঢাকের বাদ্য ও ধর্মীয় আচার অনুষ্ঠান করে স্বর্গীয় স্বজনদের আত্মার শান্তির প্রার্থনা করেন সনাতন ধর্মালম্বী শত শত নারী-পুরুষ, যুবক-যুবতীসহ সকল বয়সের মানুষ।
হাজার হাজার মোমবাতি প্রজ্জ্বলন করে মহাশ্মশানসহ এলাকাটি আলোয় আলোকিত করে তোলে। শনিবার সন্ধ্যায় শ্মশান কালীমায়ের পূজা অনুষ্ঠিত হয়েছে।
tawhidit.top/