এস এম আলমগীর হোসেন কলাপাড়াঃ
পটুয়াখালীর কলাপাড়ায় নদীতে জাল পাতাকে কেন্দ্র করে মোঃ হাসিবুল আলম (২৯) নামে এক জেলেকে মারধরের অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের গোলবুনিয়া স্লুইস সংলগ্ন নদীতে এ ঘটনা ঘটে।
আহত হাসিবুল আলম মিঠাগঞ্জ ইউনিয়নের গোলবুনিয়া গ্রামের মো. মীর আবুল কালামের ছেলে।
হাসিবুল আলমের অভিযোগ, মঙ্গলবার রাতে তিনি নদীতে জাল পেতে বাড়ি ফেরার পথে পূর্বশত্রুতার জেরে ফোরকান হাওলাদার ও হেলাল গাজী তার পথরোধ করেন। পরে তারা লাঠি দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করে রক্তাক্ত জখম করেন। একপর্যায়ে প্রাণ বাঁচাতে তিনি নদীতে ঝাঁপ দেন। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
তবে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, “এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
tawhidit.top/