কলাপাড়া পটুয়াখালী সংবাদদাতা।।
পটুয়াখালীর কলাপাড়ায় এক ব্যবসায়ীকে হয়রানী ও মিথ্যে চুরির অপবাদে মানববন্ধন হয়েছে। উপজেলার বালিয়াতলী ইউনিয়নের আইয়ুমপাড়া গ্রামের আলমগীর হাওলাদারের ছেলে শাকিল ওরফে বাবু’র বিরুদ্ধে এসকল অভিযোগ উঠেছে। রবিবার (২১ এপ্রিল) বেলা ১১ টায় উপজেলার লালুয়া ইউনিয়নের বানাতীপাড়া বাজারে এ মানববন্ধন করা হয়। এসময় ভূক্তভোগী রিয়াজ হাওলাদারসহ স্থানীয় ব্যবসায়ী ও সাধারন মানুষ উপস্থিত ছিলেন। অভিযুক্ত শাকিল ওরফে বাবুকে প্রধান আসামী করে ৫ জনের বিরুদ্ধে কলাপাড়া বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি চাঁদাবাজীর মামলাও করেছেন ভূক্তভোগী। রিয়াজ উপজেলার লালুয়া ইউনিয়নের চারিপাড়া গ্রামের মৃত আফাজ উদ্দিন হাওলাদার ছেলে।
ভূক্তভোগী রিয়াজ হাওলাদার বলেন, তিনি দীর্ঘদিন ধরে লালুয়ার বানাতি বাজারে সুনামের সহিত ডেকোরেটর ব্যবসায়ী করছেন। গত ১২ এপ্রিল শুক্রবার রাত আনুমানিক ১০ টার দিকে ব্যবসায়ীক টাকা কালেকশন শেষে ফেরার পথে বালিয়াতলী ইউনিয়নের আইয়ুমপাড়ায় অভিযুক্ত শাকিলের বাড়ির কাছে আসেন। এসময় শাকিল ওরফে বাবুসহ অন্যান্যরা তার কাছে থাকা নগদ ৮০ হাজার টাকা, গলা ও হাতের স্বর্নালংকার ছিনিয়ে নেয়। বাধা দিতে গেলে তাকে আটকে রেখে মিথ্যে চুরির অপবাদ দিয়ে কলাপাড়া থানায় হস্তান্তর করে। পরে লালুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাকে থানা থেকে ছাড়িয়ে আনেন। তিনি আরোও বলেন, অভিযুক্ত শাকিল একজন পুলিশ কনষ্টেবল। সে ছুটিতে বাড়ি এসে এধরনের কর্মকান্ড করেন। তিনি বর্তমানে বানরিপাড়া থানায় কর্মরত রয়েছেন।
অভিযুক্ত শাকিলের চাচাতো ভাই ওবাদুল হাওলাদার জানান, ওইদিন তিনি ও রিয়াজ একসাথেই মটরসাইকেল যোগে ফিরছিলেন। আইয়ুম পাড়াতে তাকে নামিয়ে যাওয়ার সময় এ ঘটনাটি ঘটে। বাধা দিতে গেলে তাকেও ফাঁসানোর চেষ্টা করা হয়। অভিযুক্ত শাকিল ওরফে বাবু প্রতিবার ছুটিতে এসে পুলিশের ক্ষমতার অপব্যবহার করে এধরনের কর্মকান্ড করেন বলেও তিনি অভিযোগ করেন।
বানাতী বাজারের অপর এক ভূক্তভোগী ফার্ণিচার ব্যবসায়ী শফিকুল জানান, পরিবারসহ কুয়াকাটা থেকে ফেরার পথে আইয়ুমপাড়া এলাকায় আসলে এই শাকিল তাদের গাড়ির পথ রোধ করে খারাপ আচরন করেন। তবে, পরিবার সাথে থাকায় ওই যাত্রা তিনি বেঁচে যান।
স্থানীয় ব্যবসায়ী জুয়েল হাওলাদার ও আবুল কালামসহ আরো অনেকেই তার ছোবলের শিকার হয়েছেন বলে জানান।
এবিষয়ে অভিযুক্ত শাকিল ওরফে বাবু’র কাছে জানতে চাইলে তিনি সকল অভিযোগ অস্বীকার করেন।
বানাতীবাজার ব্যবসায়ী সমিতি’র সভাপতি রুবেল হাওলাদার বলেন, অভিযুক্ত শাকিলের নামে একধিক অভিযোগ রয়েছে। তার অত্যাচারে ব্যবসায়ীরা অতিষ্ট হয়ে ওঠেছে। এবিষয়ে তিনি সুষ্ট তদন্ত সাপেক্ষে যথাযথ কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেন।
কলাপাড়া থানা পুলিশ পরিদর্শক গোলাম মাওলা বলেন, মামলার কপি এখনো হাতে পাইনি। পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
বানরিপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে মোবাইলে জানতে চাইলে তিনি বলেন, শাকিল এখানে কনষ্টেবল হিসেবে কর্মরত রয়েছে। তবে, ছুটিতে বাড়ি গিয়ে সে কি করে তা জানা নেই।
tawhidit.top/