অনলাইন ডেস্ক :
দেশের বিভিন্নস্থানে বজ্রপাতে ১৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো বেশ কয়েকজন।
মঙ্গলবার ২৩ মে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নরসিংদী,পাবনা,ব্রাহ্মণবাড়িয়া, পটুয়াখালী,শরীয়তপুর, নেত্রকোনা, নওগাঁ, সুনামগঞ্জ ও চাঁদপুর জেলায় বজ্রপাতে এসব প্রাণহানির ঘটনা ঘটে।
বিভিন্ন পত্রিকার অনলাইন ও প্রতিনিধির মাধ্যমে এসব তথ্য পাওয়া গেছে।
নরসিংদী জেলায় পৃথক বজ্রপাতে এক নারীসহ ৫ জনের মৃত্যু হয়েছে। জেলার রায়পুরা, মনোহরদী, শিবপুর ও নরসিংদী সদরের বিভিন্নস্থানে এ মৃত্যুর ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের ফকিরের চর গ্রামের মোমরাজ মিয়ার স্ত্রী সামসুন নাহার (৪৫), নিলক্ষা ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের ইসমাইল মিয়ার ছেলে জাবেদ মিয়া (১২), মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নের পাতরদিয়া গ্রামের মৃত বাদল মিয়ার ছেলে প্রবাস ফেরত রায়হান মিয়া (২৫), শিবপুরের দক্ষিণ সাদারচর গ্রামের খোরশেদ মিয়ার ছেলে খোকন মিয়া (৩০) ও নরসিংদী শহরের পশ্চিম কান্দাপাড়া মহল্লার শুকুমার রায়ের ছেলে শুপ্তকর (১৪)। নওগাঁর রাণীনগরে ফসলের খেত থেকে ভুট্টা তুলতে গিয়ে বজ্রপাতে জামিল প্রামাণিক (২২) নামে এক জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টার দিকে উপজেলার ভবানীপুর মাঠে এ ঘটনাটি ঘটে। নিহত জামিল প্রামাণিক উপজেলার গোনা ইউনিয়নের ভবানীপুর গ্রামের মৃত আজাদ প্রামাণিকের ছেলে।
ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক বজ্রপাতের ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নে বজ্রপাতে ইটভাটা শ্রমিক মোজাম্মেল হক (৩২) নিহত হয়। তার বাড়ি গোয়ালনগর ইউনিয়নের সোনাতলা গ্রামে।
এছাড়া বাঞ্ছারামপুর উপজেলায় নিজ জমিতে কাজ করার সময় বজ্রপাতে মনু মিয়া নামের এক কৃষকের মৃত্যু হয়।
পটুয়াখালী: পটুয়াখালীর দশমিনায় ফসলের মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে মো. আবদুর রব হাওলাদার (৬২) নামের এক কৃষক নিহত হয়েছেন। একই সময় মারা গেছে তার সাথে থাকা গরুটিও।
পাবনা: মাঠে কাজ করার সময় পাবনার ভাঙ্গুড়ায় বজ্রপাতে দুইজন ধান কাটার শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ১৪ জন।
নিহত শ্রমিকরা হলেন, জেলার চাটমোহর উপজেলার ছাইকোলা গ্রামের শাকিল হোসেন (১৯) ও রমিজ উদ্দিন (৩০)।
আহতদের ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ধর্মপাশা (সুনামগঞ্জ): সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বড়ইয়া নদীতে ধানবোঝাই করা ইঞ্জিনচালিত নৌকায় বজ্রপাতে ওমর ফারুক (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
চাঁদপুর: চাঁদপুরে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে হাসান মিজি নামে একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহত মো. হাসান মিজি (৪৫) পশ্চিম ছোট সুন্দর গফুর মিজি বাড়ির মৃত মো. কলিমউদ্দিন মিজির ছেলে।
মদন (নেত্রকোনা): নেত্রকোনার মদনে বাড়ির সামনের বিলে মাছ ধরতে গিয়ে জয়নাল আবেদিন (৪০) নামে এক কৃষক বজ্রপাতে মারা গেছেন।
তিনি উপজেলার বাগজান গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।
শরীয়তপুর: শরীয়তপুরে গোসাইরহাটে টিউবওয়েল থেকে পানি আনতে গিয়ে বজ্রপাতে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় উপজেলার কোদালপুর ইউনিয়নের রসিদ সরদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মাঈনউদ্দিন মান (২৭) কোদালপুর ইউনিয়নের মহিউদ্দিনের ছেলে মাঈনউদ্দিন পেশায় একজন কৃষক।
tawhidit.top/